Commons:Wiki Loves Bangla 2026/Intro

বাংলার প্রেমে উইকি বাংলা উইকিমৈত্রী আয়োজিত একটি বার্ষিক আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা। বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ কর্মসূচীর অংশ হিসেবে প্রতিবছর নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে এই প্রতিযোগিতা আয়োজিত হয়। এই উদ্যোগের মূল লক্ষ্য হল বাংলার বৈচিত্র্যময় সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারার আলোকচিত্র সংগ্রহ করে সেগুলোকে উন্মুক্ত লাইসেন্সের অধীনে উইকিমিডিয়া কমন্সে সংরক্ষণ করা এবং বিশ্বব্যাপী অবাধ ব্যবহারের জন্য উন্মুক্ত করা। ২০২৪ সাল থেকে বর্তমান পর্যন্ত এই প্রতিযোগিতার মাধ্যমে মোট ৪,৭০৩ মিডিয়া ফাইল মুক্ত লাইসেন্সের অধীনে উইকিমিডিয়া কমন্সে যুক্ত হয়েছে।
২০২৬ সালের প্রতিযোগিতার মূল বিষয়বস্তু বাংলার উৎসব। এ আয়োজনের মাধ্যমে বঙ্গ অঞ্চলের বিভিন্ন উৎসবসংক্রান্ত আলোকচিত্র ও ভিডিও সংগ্রহ, সংরক্ষণ এবং উন্মুক্ত করার একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি হবে। বাংলার ঐতিহ্যবাহী, লোকজ, সাংস্কৃতিক ও সামাজিক উৎসবের বৈচিত্র্য ও নান্দনিকতা বিশ্বপরিসরে উপস্থাপনের মাধ্যমে সমৃদ্ধ বাংলা সংস্কৃতিকে আরও সুস্পষ্টভাবে তুলে ধরা এই প্রতিযোগিতার অন্যতম লক্ষ্য। একই সঙ্গে, এই উদ্যোগ বাংলার ঐতিহ্যের একটি নির্ভরযোগ্য দৃশ্যমান নথি নির্মাণে সহায়তা করবে এবং উন্মুক্ত জ্ঞানভাণ্ডারে বাংলার সাংস্কৃতিক বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করবে।
"বাংলার উৎসব" বলতে ভৌগোলিক ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে বঙ্গ অঞ্চলের—অর্থাৎ বর্তমান রাষ্ট্রভৌগোলিক প্রেক্ষাপটে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে উদযাপিত—বিভিন্ন উৎসবকে বোঝানো হবে। তবে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বাইরে উদযাপিত কোনো উৎসবের ছবি বা ভিডিও এই প্রতিযোগিতায় গ্রহণযোগ্য হবে না। এই সংজ্ঞার আওতায় অন্তর্ভুক্ত উৎসবের ধরনগুলো হলো—
- সাংস্কৃতিক ও লোকজ উৎসব: বাংলা সংস্কৃতি, ঋতুচক্র ও লোকজ ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত উৎসব, যেমন পহেলা বৈশাখ, নবান্ন, পৌষ মেলা।
- স্থানীয় ও আঞ্চলিক উৎসব: নির্দিষ্ট অঞ্চল, সম্প্রদায় বা স্থানীয় ঐতিহ্যকে কেন্দ্র করে উদযাপিত উৎসব, যেমন বিভিন্ন গ্রামীণ মেলা, উৎসব বা পার্বণ।
- ধর্মীয় উৎসব: বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের আচার ও বিশ্বাসকে কেন্দ্র করে পালিত উৎসব, যেমন দুর্গাপূজা, ঈদ, বুদ্ধ পূর্ণিমা, বড়দিন।
যেগুলি বাংলার উৎসব হিসেবে বিবেচিত হবে না—
- প্রচারমূলক বা বিপণনমূলক অনুষ্ঠান: নির্দিষ্ট পণ্য, প্রতিষ্ঠান বা ব্র্যান্ড প্রচারের উদ্দেশ্যে আয়োজিত অনুষ্ঠান।
- বাণিজ্যিক মেলা বা প্রদর্শনী: যেমন বাণিজ্য মেলা, কর্পোরেট মেলা বা বিভিন্ন পণ্যের প্রদর্শনী।
- শুধুমাত্র বাণিজ্যিক বা কর্পোরেট আয়োজন: যেসব অনুষ্ঠান মূলত ব্যবসায়িক উদ্দেশ্যে আয়োজিত হয় এবং কোনো সাংস্কৃতিক বা সামাজিক উৎসবের অংশ নয়।